মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুর সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খান বংশ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষে ১৩টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় শতাধিক ককটেলের বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোর ৬টার থেকে উপজেলার ঝিকরহাটি এলাকায় একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টার দিকে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৬টা থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে খান বংশ ও মোল্লা বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। আহতদের মাদারীপুর বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিৎকিসা করা হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় ১৩টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। পরে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা জানান, ঝিকরহাটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি জানান, সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।