যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত হওয়া শান্তিচুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইতিবাচক কূটনৈতিক অগ্রগতিকে সাধুবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, চলমান সংকট নিরসনে শুরু থেকেই বাংলাদেশ উত্তেজনা প্রশমন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে আসছে। শান্তিচুক্তি বাস্তবায়নের পথে অগ্রগতি অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করেছে বাংলাদেশ।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, চুক্তিটি আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘ মেয়াদে টেকসই ও কার্যকর শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কারণে বিদ্যমান ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে বাকি সমস্যাগুলোও সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে বাংলাদেশ আশা করছে, এ চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্ত ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে এবং আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে সহায়তা করবে।