দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢ়েকে তলব করা হয়েছে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

আজ সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের বিষয়‌টি নি‌শ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে রবিবার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান ভারতীয় দূতকে তলব করেন।

এর আগে সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে।