ব্রাজিল-মরক্কো ম্যাচে নেইমার-এনদ্রিক বেঞ্চে বসে কি বলছিলেন 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ব্রাজিল। চোটের কারণে এখনো কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে খেলার অনুমতি না পেলেও, ১০ নম্বর জার্সিধারী মহাতারকা নেইমারকে বেঞ্চে বসার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। আর বেঞ্চে বসেই সতীর্থদের নানা পরামর্শ ও নিজের মনের কথা আদান-প্রদান করছিলেন তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’ এক বিখ্যাত লিপ রিডার (ঠোঁট নাড়ানো দেখে কথা বোঝার বিশেষজ্ঞ)-এর মাধ্যমে নেইমার ও তরুণ সেনসেশন এনদ্রিকের কথোপকথন ফাঁস করেছেন।

'সুযোগ থাকলে তো আমিই মাঠে নেমে যেতাম’

ম্যাচের দ্বিতীয়ার্ধে কোচ আনচেলত্তি যখন একে একে তার পাঁচটি পরিবর্তনই সম্পন্ন করে ফেলেন (দানিলো, ফাবিনহো, লুইজ হেনরিক, মাতিউস কুনহা এবং দানিলো সান্তোস মাঠে নামেন), তখন তরুণ ফরোয়ার্ড এনড্রিকের আর মাঠে নামার কোনো সুযোগ ছিল না।

লিপ রিডারের তথ্য অনুযায়ী, হতাশা লুকিয়ে হাসিমুখে নেইমারকে জড়িয়ে ধরে এনদ্রিক বলছিলেন, "ব্যাপারটা এমনই, তাই না? উফ, সুযোগ থাকলে তো আমি নিজেই মাঠে নেমে যেতাম!"

ম্যাচের প্রথমার্ধে বেঞ্চে মাতিউস কুনহার পাশে বসে নেইমার অনবরত মাঠে থাকা খেলোয়াড়দের উদ্দেশ্যে কথা বলছিলেন। তার মূল লক্ষ্যই ছিল আক্রমণভাগে থাকা ভিনিসিয়ুস জুনিয়রকে সচল করা। কুনহাকে উদ্দেশ্য করে নেইমারকে বলতে শোনা যায়:
"ভিনিকে বল পাস দাও, ভিনিকে আক্রমণ করতে বলো।"

এর কিছুক্ষণ পর মাঠে থাকা ডিফেন্ডার রজার ইবানিজকে উদ্দেশ্য করে চিৎকার করে নেইমার বলেন, 'ইবানিয়েজ, ভিনিকে একটা বল দাও, ওকে ডিফেন্ডারদের পেছনে দৌড়াতে বলো।"

এমনকি প্রথমার্ধে পানি পানের বিরতির সময় নেইমার সরাসরি ভিনিসিয়ুস জুনিয়রের কাছে গিয়ে পরামর্শ দেন, 'উইংটা আরেকটু উন্মুক্ত করো এবং পাস দাও।' অন্যদিকে মাঝমাঠের দায়িত্ব সামলানো গিমারেসকে ডেকে বলেন, 'তোমাকে এবং ক্যাসেমিরোকে খেলাটা গুছিয়ে নিতে হবে।'

হাইতি ম্যাচেই কি ফিরছেন নেইমার?

ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই দলের সাথে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন নেইমার। অনুশীলনে তার শারীরিক অবস্থা ইতিবাচক থাকলে আগামী শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যেতে পারে পিএসজির এই সাবেক তারকাকে।