কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাতামুহুরি উপজেলার ছয়কুড়ি টিক্কা এলাকার হাসান আলী (৬৫) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) ও নিহত হাসান আলী পরিবারের ২ সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালে নেওয়ার পথে দুজনেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর যানবাহন দুটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।