ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে যখন উৎসবের আবহ, তখন পটুয়াখালীর কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের একটি ব্যতিক্রমী উদ্যোগ আলোচনায় এসেছে। শহরের প্রবেশমুখে নির্মিত বিশাল আকৃতির ‘ব্রাজিল গেট’ ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে।
কলাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থাপন করা এ গেটটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট এবং প্রস্থ ২৫ ফুট। সবুজ-হলুদ রঙে সাজানো গেটটির ওপরে স্থান পেয়েছে ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় পতাকা। দূর থেকেই এর নান্দনিক সাজসজ্জা নজরে পড়ে পথচারীদের।
স্থানীয়রা জানান, বিশ্বকাপকে ঘিরে প্রতি বছরই বিভিন্ন ধরনের আয়োজন দেখা যায়। তবে এবার ব্রাজিল সমর্থকদের নির্মিত এই বিশাল গেটটি উৎসবের আমেজকে নতুন মাত্রা দিয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ গেটটির সামনে ভিড় করছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন।
স্থানীয় বাসিন্দা মিরাজ হোসেন বলেন, বিশ্বকাপ এলেই কলাপাড়ায় ফুটবল উৎসব শুরু হয়। তবে এবারের ব্রাজিল গেটটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি যেমন প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ, তেমনি শহরের সৌন্দর্যও বৃদ্ধি করেছে।
ব্রাজিল সমর্থক বেল্লাল হাওলাদার বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষকে একত্রিত করে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দিতেই তাদের এ উদ্যোগ। বিশ্বকাপ উপলক্ষে আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তাও ছড়িয়ে দিতে চান তারা।
আয়োজকদের মতে, প্রিয় দলের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়াই এই ব্যতিক্রমী ‘ব্রাজিল গেট’ নির্মাণের মূল উদ্দেশ্য।