বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করে কিছুটা ব্যাকফুটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের সেই ছন্নছাড়া পারফরম্যান্সের পর সেলেসাওদের একাদশে বড় কোনো পরিবর্তন আসবে কি না— তা নিয়ে যখন বিশ্বজুড়ে তুমুল আলোচনা, ঠিক তখনই মুখ খুললেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নাজারিও।
ইএসপিএন ব্রাজিলের বিশেষ অনুষ্ঠান 'রেজেনিয়া দা কোপা'-তে অতিথি হিসেবে যোগ দিয়ে 'দ্য ফেনোমেনন' জানিয়েছেন, মরক্কো ম্যাচে লুকাস পাকেতা কিংবা রাফিনহারা যা করতে ব্যর্থ হয়েছেন, তা একাই করে দেখিয়েছেন লুইজ হেনরিকে। আর তাই পরবর্তী ম্যাচে হাইতির বিপক্ষে কোচ কার্লো আনচেলত্তি একাদশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন বলে মনে করেন তিনি।
কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রোনালদোর। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড কোচের ওপর পূর্ণ আস্থা রেখে রোনালদো বলেন, "আনচেলত্তি একজন কিংবদন্তী। খেলোয়াড়দের মনস্তত্ত্ব বোঝার ক্ষেত্রে এবং ড্রেসিংরুম সামলাতে তার জুড়ি মেলা ভার। মরক্কো ম্যাচে আমরা যে ভুলগুলো দেখেছি, তিনি নিশ্চিতভাবেই সেগুলো শুধরে নেবেন। আমার বন্ধু রবার্তো কার্লোস মনে করে আনচেলত্তি পরের ম্যাচে একাদশ অপরিবর্তিত রাখবেন, কিন্তু আমার মন বলছে তিনি একটি জায়গায় চাল চালবেন।"
সেই পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে রোনালদো আরও বলেন, "আমার মতে, লুইজ হেনরিকে বদলি হিসেবে নেমে ডানপ্রান্তে যেভাবে খেলাটা ছড়িয়ে (উন্মুক্ত করে) দিয়েছিল, তা দুর্দান্ত ছিল। মরক্কো ম্যাচে ডান উইংয়ে খেলে লুকাস পাকেতা কিংবা রাফিনহা— কেউই তা করতে পারেনি, যা বামপ্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র একাই করেছে। হেনরিকে ডানপ্রান্ত উন্মুক্ত করায় মাঠের মাঝখানে ব্রাজিলের ফুটবলাররা অনেক ফাঁকা জায়গা পাচ্ছিল। আর ব্রাজিল দল যদি স্পেস পায়, তবে যেকোনো পরিস্থিতিতেই আমরা ভয়ঙ্কর।"
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ফুটবলারদের অতিরিক্ত ভুল পাস করার পেছনে 'ওপেনিং ম্যাচের স্নায়ুচাপ' বা নার্ভাসনেসকে দায়ী করেছেন রোনালদো। একই সাথে কিছু খেলোয়াড়ের পজিশন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি:
ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ মিডফিল্ডারকে বারবার প্রতিপক্ষের দিকে পিঠ দিয়ে বল রিসিভ করতে দেখা গেছে, যা বেশ ঝুঁকিপূর্ণ ছিল।
বার্সেলোনার হয়ে পুরো মৌসুম ডানপ্রান্তে দুর্দান্ত কাটানো রাফিনহাকে মরক্কো ম্যাচে বামপ্রান্তে খেলানো হয়েছিল, যা ম্যাচ চলাকালীন বুঝতে সমস্যা তৈরি করছিল। তবে দ্বিতীয়ার্ধে পজিশন বদলের পর খেলা কিছুটা উন্নত হয়।
রোনালদো যোগ করেন, "বিশ্বকাপের প্রথম ম্যাচে চাপ থাকাটাই স্বাভাবিক, বিশেষ করে দলে যারা নতুন এসেছে তাদের জন্য। তবে ম্যাচের পর আনচেলত্তি ও খেলোয়াড়দের সাক্ষাৎকার দেখে আমি আশ্বস্ত হয়েছি। তারা নিজেদের নার্ভাসনেসের কথা স্বীকার করেছে।"
#