হবিগঞ্জে ২ গ্রামের সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় দুই গ্রাম বাসিন্দার মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ৪০ জন। একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ও আরিছপুর গ্রামের লোকজনের মধ্যে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই গ্রামের মধ্যবর্তী একটি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় ডুবাই বাজারে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭) গুরুতর আহত হন।

সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আহত হেলাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনা সমাধানে সন্ধ্যার পর উভয় পক্ষের থানায় এসে বিষয়টি সমাধানের কথা থাকলেও পরবর্তীতে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।