রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে তরুণ নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিন গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে নাজিম উদ্দিন ও আলাল মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে মঙ্গলবার ভোরে দুই পক্ষ দেশি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেশ কয়েকজন যুবককে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়, যা স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

এই সংঘর্ষে অনিকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে অনিক, রাজু, সুমন, কাশেম ও মোবারককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অনিকসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ, র‍্যাব এবং উপজেলা প্রশাসনের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে পুলিশ জানিয়েছে।