বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (BFUJ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (DUJ) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার যতবার সরকারে এসেছে, সে সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিলো বেশি।’ তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমের মালিকপক্ষ অনেক ক্ষেত্রে কর্মীদের ওপর অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যম কমিশন গঠন ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে।
তিনি বলেন, ‘সবাই মিলে অপতথ্য রোধে কাজ করতে হবে। ক্ষমতায় আসার পর তারেক রহমানের সরকার গণমাধ্যমকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। মালিকপক্ষকে কর্মীদের পেশাগত দায়িত্ব ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য সরকার এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।’ এ সময়, গণমাধ্যম জগতে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।