সুপার ওভারে হারের পর লঙ্কান ক্রিকেটারের গায়ে হাত তুললেন সূর্যবংশী

ডাম্বুলায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারে রোমাঞ্চকর হারের পর মাঠেই চরম উত্তেজনায় জড়িয়ে পড়লেন ভারত ‘এ’ দলের ওপেনার বৈভব সূর্যবংশী। ম্যাচ শেষের পরপরই শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার ডাম্বুলায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে গড়ায় খেলা। সেখানে শ্রীলঙ্কা ‘এ’ দলের দেওয়া ১৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৯ রান তুলতে সক্ষম হয় ভারত। শ্রীলঙ্কার তরুণ বোলার কুগাথাস মাথুলানের শেষ বলটি ব্যাটে লাগাতে ব্যর্থ হন বৈভব, আর তাতেই জয় নিশ্চিত হয় লঙ্কানদের।

যেভাবে ছড়ালো উত্তেজনা ম্যাচ শেষ হতেই শ্রীলঙ্কার ভিশেন হালাম্বাগে এবং ওয়ানুজা সাহানকে ভারতীয় ব্যাটারদের উদ্দেশ্য করে কিছু বলতে দেখা যায়, যা মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। মাঠের ভিজ্যুয়ালে দেখা যায়, ভারতের সূর্যশ শেঠগে প্রথমে হালাম্বাগের দিকে ব্যাট উঁচিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। এর পরপরই বৈভব সূর্যবংশী ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কান খেলোয়াড়দের দিকে তেড়ে যান।

প্রথমে কুগাথাস মাথুলানের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এরপরই বৈভব লঙ্কান ফিল্ডার ভিশেন হালাম্বাগের দিকে এগিয়ে যান এবং তাঁকে ধাক্কা মারেন। হালাম্বাগেও পাল্টা ধাক্কা দিলে মাঠের আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগে, উইকেটকিপার নিরোশান ডিকওয়েলা এবং ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা দ্রুত এসে তাঁদের সরিয়ে নেন। পরবর্তীতে ক্ষুব্ধ বৈভবকে মাঠের বাইরে নিয়ে যান সতীর্থরা। ম্যাচ শেষে অবশ্য দুই দলের খেলোয়াড়দের প্রথাগত করমর্দন করতে দেখা গেছে।