বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনার এই সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কোন দল সমর্থন করেন, তা নিয়েও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তেমনই এক কৌতুহলী প্রশ্ন রাখা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।

চলতি ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করে পরোক্ষভাবে ইংল্যান্ড ফুটবল দলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। সরকারপ্রধানের উত্তরটি ছিল এরকম—‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম।’

প্রধানমন্ত্রীর এমন উত্তরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছে তিনি হয়তো বিশ্বকাপে ইংল্যান্ড দলকে সমর্থন করছেন। কারণ, তিনি দীর্ঘদিন লন্ডনে প্রবাস জীবন অতিবাহিত করেছেন। মাত্র কয়েক মাস আগেই তিনি দেশে ফেরেন।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন—এমন প্রশ্নের মুখে পড়েন তিনি।