মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মাদারীপুরে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজৈর থানার টেকেরহাট এলাকায় অবস্থিত আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সামনের পাকা সড়ক থেকে শিরিন আক্তার (২৭) ও বিলকিস আক্তার (৪০) নামে দুই নারীকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি এবং সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই নারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মানোরা গ্রামের বাসিন্দা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’