গৃহবধূকে হত্যার পর ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে টিকটকে আসক্ত স্ত্রী সুমনা  ফেরদৌসী (৩৬)-কে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী লিমন মল্লিক (২৮)-কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গত সোমবার রাতে চরদিঘলিয়া থেকে তাকে আটক করা হয়। লিমন চরদিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে এবং নিহত সুমনা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা ও লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সুমনার সঙ্গে তার পরিচয় ও প্রেম হয়। এরপর ২০২১ সালে তাদের বিয়ে হয়। এটা লিমনের দ্বিতীয় ও সুমনার চতুর্থ বিয়ে বলে জানান।

পুলিশকে লিমন জানায়, স্ত্রী সুমনা টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি পরপুরুষদের সঙ্গে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও আদান-প্রদান করত। এ নিয়ে লিমন ও সুমনার মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। গত সোমবার সকাল ১০টার দিকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে দরজা বন্ধ করে বেরিয়ে যায় লিমন। ওইদিন বিকেল ৫টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা খুলে চিৎকার করে কাঁদতে থাকে সে। লিমনের কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমানার লাশ উদ্ধার করে।

 লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে লিমন। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।