হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন পেয়েছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় কারামুক্তিতে কোনো ‘বাধা নেই’ বলে জানিয়েছেন তার এক আইনজীবী। গতকাল মঙ্গলবার শুনানি উভয় পক্ষের শুনানি শেষে  ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তবে গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তার জামিনের আবেদন নাকচ করেন।

গত ৭ জুন আপিল বিভাগ  পাসপোর্ট  জমা দেওয়ার শর্তে  দুর্নীতি দমন কমিশনের (দুদক)  একটি মামলায়  জামিন দেন ড. আবুল বারকাতকে। ওই দিনই গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আমজাদ হোসেন তালুকদার এ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। গত রবিবার তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে এ হত্যা মামলাটি করেন। গত বছরের ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।