রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় বাসার দরজা ভেঙে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সাততলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই তরুণীর নাম জেনি খান (২৪)। এ ঘটনায় তার কথিত স্বামী মুন্না পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, জেনিকে হত্যা করা হয়েছে।
বাড়ির মালিক ও পুলিশ জানিয়েছে, গত ২৩ এপ্রিল স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন মুন্না ও জেনি। এরপর থেকে তারা ওই বাসায় থাকতেন। মুন্না শাহআলী থানা এলাকার স্থানীয়। আর জেনির বাড়ি কিশোরগঞ্জ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে বাড়িওয়ালাকে জানিয়েছেন। লাশ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। এ কারণে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা দৃশ্যমান নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী খুনের শিকার হয়েছেন। মুন্না পলাতক, তাকে খুঁজে পেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। খবর পেয়ে তরুণীর পরিবারের লোকজন ঢাকায় এসেছেন, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।