সরবরাহ স্বাভাবিক

কমেছে আদা-রসুন পেঁয়াজের দাম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে মত দিয়েছেন ক্রেতারা। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাজার মনিটরিং করছি উল্লেখ করে শরীফুল আলম বলেন, গতকাল কারওয়ান বাজার পরিদর্শন করেছি, ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আজও দুটি বাজার পরিদর্শন করে ভোক্তাদের সন্তুষ্টির চিত্র দেখতে পেয়েছি। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে, জনগণের সন্তুষ্টির প্রতি সব সময় সজাগ থাকবে।