প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ১

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানকে লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের শুরু থেকে কথিত ‘নারকো-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে পরিচালিত মার্কিন নৌ-অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০৮ জনে দাঁড়িয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের পরিচিত চোরাচালান রুটে সন্দেহভাজন মাদক পাচারকারীদের লক্ষ্য করে অভিযানটি পরিচালনা করা হয়। হামলার পর জীবিতদের উদ্ধারের জন্য মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করা হয়।

তবে অভিযানে লক্ষ্যবস্তু হওয়া নৌযানটিতে মাদক ছিল—এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত অবস্থায় একটি নৌকায় হামলা হলে সেটিতে আগুন ধরে যায়।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার মাদক চক্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র কার্যত ‘সশস্ত্র সংঘাতে’ জড়িত। তার দাবি, যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ কমানো এবং অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুর হার হ্রাসে এ ধরনের অভিযান প্রয়োজনীয়।

অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। সমালোচকদের দাবি, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানাইলের বড় অংশই স্থলপথে মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করে। ফলে সমুদ্রে পরিচালিত প্রাণঘাতী অভিযানের বৈধতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।