২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিদ্যুৎ উৎপাদন খাতে বরাদ্দের মাত্র ২ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির জন্য রাখা হয়েছে, বাকি ৯৮ শতাংশই জীবাশ্ম জ্বালানিনির্ভর খাতে বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটির মতে, সরকারের প্রশাসন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেতরে এখনও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন রাজস্ব কাঠামোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
বুধবার (১৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট: বিদ্যুৎ ও জ্বালানি খাত কী পেল?’ শীর্ষক সংবাদ ব্রিফিংয়ে এ মূল্যায়ন তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত প্রিয়তী।
প্রবন্ধে বলা হয়, প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জন্য মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। তবে জাতীয় বাজেটে এ খাতের অংশীদারিত্ব ২ দশমিক ১৫ শতাংশ থেকে কমে ১ দশমিক ৮৫ শতাংশে নেমে এসেছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের বরাদ্দ ৩ দশমিক ৯ শতাংশ কমে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিপরীতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাদ্দ প্রায় ৭২ শতাংশ বেড়েছে, যার প্রধান কারণ গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রকল্পে অধিক গুরুত্ব দেওয়া।
সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো সৌরবিদ্যুৎ খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতের জন্য ২০৩৫ সাল পর্যন্ত শূন্য শতাংশ করহার বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে ৫ শতাংশ কর রেয়াত দেওয়ার প্রস্তাব রয়েছে। সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ও ইস্পাত কাঠামো, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পরিবাহী, লিথিয়াম-আয়ন ব্যাটারি, সৌর বৈদ্যুতিক রূপান্তরক এবং সৌর প্যানেলের ওপর বিদ্যমান করভার উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এছাড়া বৈদ্যুতিক গাড়ির চার্জিং কেন্দ্রের ওপর কর প্রত্যাহার এবং নিবন্ধন ফি কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।
তবে একই সঙ্গে বাজেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি বহাল রাখা হয়েছে, যা একে সবচেয়ে কম করযুক্ত জ্বালানি হিসেবে টিকিয়ে রেখেছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আগামী অর্থবছরে ৬ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব পদক্ষেপের সমালোচনা করে সিপিডি বলেছে, একদিকে উচ্চমূল্যের এলএনজি আমদানি নিরুৎসাহিত করার কথা বলা হলেও অন্যদিকে এ জ্বালানিকে ধারাবাহিকভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। নতুন করে কয়লা অনুসন্ধান ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে শুল্ক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত জ্বালানি রূপান্তরের লক্ষ্য ও অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
সংবাদ ব্রিফিংয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাইরে থেকে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করার উদ্যোগ দেখা গেলেও নীতিগতভাবে এখনও জীবাশ্ম জ্বালানির প্রতিই ঝোঁক রয়ে গেছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেট রাজস্ব কাঠামোর বৈষম্য দূর করতে পারেনি। কিছু ইতিবাচক পরিবর্তন থাকলেও জীবাশ্ম জ্বালানি, এলএনজি, কয়লা ও তেল খাতে দেওয়া বিশেষ সুবিধা কমিয়ে আনার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির সভাপতি মোস্তফা আল মাহমুদ, ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা এবং অবকাঠামো উন্নয়ন কোম্পানির প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইমরান।