সম্পাদক মুস্তাফিজ শফির উপস্থিতিতে ‘ডিগনিটি’র আনুষ্ঠানিক যাত্রা

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বিজ্ঞাপনী ও সৃজনশীল প্রতিষ্ঠান ‘ডিগনিটি’। গতকাল মঙ্গলবার (১৬ জুন) পুরানা পল্টন লাইনে নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি

উদ্বোধনী বক্তব্যে মুস্তাফিজ শফি বলেন, ডিগনিটির অন্যতম উদ্যোক্তা শিল্পী কাজী যুবাইর মাহমুদ তার স্বল্প সময়ের সহকর্মী হলেও সৃজনশীল চিন্তাভাবনা, নান্দনিক বোধ ও কর্মদক্ষতার কারণে তাদের সম্পর্ক অল্প সময়েই গভীর হয়েছে। তিনি কাজী যুবাইর মাহমুদের লেটারিং, টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশনসহ বিভিন্ন সৃজনশীল প্রতিভার প্রশংসা করেন এবং নবযাত্রা করা প্রতিষ্ঠান ডিগনিটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

MixCollage-17-Jun-2026-03-20-PM-7501
অনুষ্ঠানে কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

ডিগনিটির অন্যতম উদ্যোক্তা কাজী যুবাইর মাহমুদ বাংলা টাইপোগ্রাফি, লেটারিং ও অক্ষরশিল্পের জগতে পরিচিত একটি নাম। তার প্রতিষ্ঠিত ‘লিপিকলা টাইপ ফাউন্ড্রি’ ইতোমধ্যে বাংলা ফন্ট, টাইপফেস ও টাইপোগ্রাফি চর্চায় বিশেষ সুনাম অর্জন করেছে। বাংলা ভাষার জন্য নান্দনিক ও আধুনিক ফন্ট নির্মাণের পাশাপাশি তিনি ‘দ্রোহ’ সহ একাধিক আলোচিত টাইপফেসের নির্মাতা। সম্প্রতি লিপিকলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১২টি নতুন বাংলা ফন্ট প্রকাশও ব্যাপক প্রশংসা অর্জন করে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, ডিগনিটি মূলত ব্র্যান্ডিং, ভিজ্যুয়াল আইডেন্টিটি, লোগো ও ব্র্যান্ড সিস্টেম উন্নয়ন, প্রিন্ট ও প্রকাশনা ডিজাইন, বিজ্ঞাপন ডিজাইন, কাস্টম ফন্ট ও করপোরেট টাইপফেস নির্মাণ, ক্যালিগ্রাফি, ইলাস্ট্রেশন, শিশুতোষ বইয়ের অলংকরণ, ক্যাম্পেইন আর্টওয়ার্ক, মুরাল, প্রিন্ট প্রোডাকশন এবং বিভিন্ন ধরনের সৃজনশীল যোগাযোগ কার্যক্রম নিয়ে কাজ করবে।

তারা জানান, কৌশল, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার সমন্বয়ে দেশীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল সমাধান তৈরিই ডিগনিটির মূল লক্ষ্য।