চট্টগ্রামে চার বছর বয়সী শিশুকন্যা ধর্ষণের মামলায় একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। মাত্র সাত কার্যদিবসে বিচার প্রক্রিয়া শেষ করে আজ বুধবার অষ্টম কার্যদিবসে মামলার রায় ঘোষণা করা হয়।
গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি হয়েছে। এরপর আদালত ১৭ জুন রায়ের তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ৯ জুন মামলার আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, মামলায় মোট ১৫ জন সাক্ষী গ্রহণ করা হয়েছে।
গত ৪ জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পাঁচ কার্যদিবসে তদন্ত শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৬ এ উক্ত মামলার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা নগরের বাকলিয়া থানার পরিদর্শক তানভীর আহমেদ৷
গত ২১ মে দুপুরে নগরের বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে আটক করে এলাকাবাসী। ৩০ বছর বয়সী মনির ওই এলাকার ভাই ভাই ডেকোরেশনের কর্মচারী ছিলেন। তাকে আটকের ঘটনায় নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বাকলিয়া।
২২ মে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। ওইদিন আসামি মনির দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।