টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শাহ আলম (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকাকালে বুধবার (১৭ জুন) রাত ২টার দিকে মারা যান তিনি।
এর আগে সোমবার (১৬ জুন) সন্ধ্যায় দুর্গাপুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত শাহআলম দুর্গাপুর গ্রামের মরহুম আলী আজগরের ছেলে। তিনি স্থানীয় দুর্গাপুর দাখিল মাদরাসার দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব পালন করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর পশ্চিমপাড়ার নবাব আলী ও রামদেবপুর গ্রামের শুক্কুর আলীর মধ্যে বাড়ির পাশের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শাহ আলম পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান।
অভিযোগ রয়েছে, এ সময় শুক্কুর আলী, তার ছেলে বাদশাসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহ আলমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিরাজ করছে উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস ছালাম বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’