ঝালকাঠিতে বাসচাপায় কিশোরের মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় মো. রাফি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে পৌর শহরের বিকনা নতুন স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা মো. সবুজ ডাকুয়ার ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার নৈকাঠি এলাকায়। 

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা নিউ শাপলা পরিবহনের একটি লোকাল বাস রাফির চালিত বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।