ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেল প্রায় ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন মাসুদ রানা (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপর নিহত শ্রমিকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবন নির্মাণকাজের সূত্রে শ্রমিকরা ময়মনসিংহ শহরে অবস্থান করছিলেন। বুধবার বিকেলে কলেজ রোড এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনে লিফট স্থাপনের কাজ চলছিল। কাজের একপর্যায়ে দুই শ্রমিক ভবনের অষ্টম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভবনের মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী ঠিকাদারকে সরবরাহ করা হয়েছে। শ্রমিক নিয়োগ ও কাজের তদারকির দায়িত্ব ছিল ঠিকাদারের। এ ঘটনায় তার কোনো ধরনের গাফিলতি নেই বলে তিনি দাবি করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।