গাইবান্ধা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনে কাটা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক তরুণী। পথচারীদের তাৎক্ষণিক সাহসিকতা ও তৎপরতায় বেঁচে যায় একটি তাজা প্রাণ। চলন্ত ট্রেন। এমন সময় স্টেশনের রেললাইন ঘেঁষে প্ল্যাটফর্মে এক তরুণীকে ধরে আছেন তিন ব্যক্তি। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভিডিওটি গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
১ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রেলস্টেশনের প্ল্যাটফর্মে তিনজন ব্যক্তি একজন তরুণীর দুই হাত ধরে আছেন। একজন তরুণীর পিঠে হাত দিয়ে আছেন। তরুণীর হাতের সামনে একটি কালো ব্যাগ। ট্রেনটি চলছে। চলন্ত ট্রেনের খটখট শব্দ শোনা যাচ্ছে। তির ব্যক্তির একজন বলছেন কোনো সমস্যা নেই। আরেকজন বলছেন। আল্লাহ বাঁচাবেন। একজন বলছেন, আপা কোনো সমস্যা নেই, নড়াচড়া কইরেন না। ট্রেনটি চলে যাওয়ার পর একজন বলেন আলহামদুলিল্লাহ। এরপর তরুণীকে দুই হাত ধরে প্ল্যাটফর্মের উপরে তোলা হয়। ওই তিন ব্যক্তির প্রচেষ্টায় তাকে প্ল্যাটফর্মে তোলা হয়।
এ সময় তরুণী বলছিলেন, বাড়িতে শুনলে রাগ হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গাইবান্ধা রেলস্টেশনে। বুধবার (১৭ জুন) বিকেলে স্টেশনের প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে লাইনে পড়ে যান ওই তরুণী। তৎক্ষণাৎ প্ল্যাটফর্মের তিন ব্যক্তি তার হাত ধরে রাখে। ট্রেন চলে গেলে প্রাণে বেঁচে যান তিনি।
প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম,রানা মিয়া, লেবু মিয়া জানান, ব্যাগ নিয়ে ওই কিশোরী স্টেশনের একটি রেললাইনের কাছে অবস্থান করছিল। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে স্টেশনের দিকে আসে। ট্রেন চলা শুরু হলে ওই তরুনী দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে যান। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সে। এ যেন সিনেমার বাস্তব রূপ।
ঘটনাস্থলে উপস্থিত কলেজ শিক্ষক আনোয়ার হোসেন বলেন, প্ল্যাটফর্মে থাকা ব্যক্তিদের মানবিকতা ও সাহসিকতার প্রশংসা করতেই হবে। কয়েক সেকেন্ড দেরি হলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারত। একটি তাজা প্রাণের আলো নিভে যেত।