পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা কাটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত সমঝোতা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিক পদ্ধতিতে এই ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করেছেন। এই সইয়ের মাধ্যমেই চুক্তিটি কার্যকর হয়েছে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

মূলত পারমাণবিক অস্ত্র ইস্যুই ছিল এই সমঝোতার প্রধান কেন্দ্রবিন্দু। আলজাজিরা ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহের পরিকল্পনা থেকে সরে আসার প্রতিশ্রুতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নমনীয় হয়েছেন। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিশ্বশান্তি ও স্থিতিশীলতার স্বার্থে পারস্পরিক সমঝোতা জরুরি।

চুক্তির অন্যতম প্রধান শর্ত অনুযায়ী, ইরান পুনরায় নিশ্চিত করেছে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা উৎপাদন করবে না। এছাড়া দুই দেশ যৌথভাবে সম্মত হয়েছে যে, ইরানের বর্তমানে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে একটি নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইএইএ-এর কঠোর তত্ত্বাবধানে এবং উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এই ইউরেনিয়াম নিষ্ক্রিয় বা ‘ডাউন ব্লেন্ড’ করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করতে এই সমঝোতা নথিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়েছে। উভয় পক্ষই ইরানের পারমাণবিক চাহিদা এবং সংশ্লিষ্ট অন্যান্য জটিল বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের ইচ্ছা প্রকাশ করেছে। চুক্তিতে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুগুলোর গুরুত্ব অনুধাবন করে খুব দ্রুত ও কার্যকর উপায়ে আলোচনার মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান করা হবে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতাদের এই সমঝোতা স্মারকে সই করার বিষয়টি বৈশ্বিক ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। শান্তি স্থাপনের এই নতুন উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।