ছাতিয়াইন-রতনপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রীরা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন-রতনপুর সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর পয়েন্ট থেকে ছাতিয়াইন হয়ে ফান্দাউক পর্যন্ত বিস্তৃত এই সড়কটি বছর দেড়েক আগে  কার্পেটিং করা হলেও নিম্নমানের নির্মাণকাজ এবং যথাযথ তদারকির অভাবে বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, এই সড়ক দিয়ে রতনপুর থেকে ছাতিয়াইন, ফান্দাউক হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা এবং হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির অবস্থা খারাপ হওয়ায় যাতায়াতে সময় বেশি লাগছে এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়ে গেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে প্রায়ই ঢাকা-সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হলে বিকল্প পথ হিসেবে এই সড়ক ব্যবহার করে দূরপাল্লার বাস ও ভারী মালবাহী ট্রাক। নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।

সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, প্রয়োজনীয় সংস্কার ও নিয়মিত তদারকি না হলে ভবিষ্যতে সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়বে।

এবিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী রেজা উন নবী বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো আমরা পরিদর্শন করেছি। প্রয়োজনীয় মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী জুলাই মাসেই এটির সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হতে যাচ্ছে।