মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ইউক্রেনের হামলা

রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে একই স্থাপনায় কিয়েভের এটি দ্বিতীয় হামলা।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

রুশ কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে ইউক্রেন দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ-পূর্বের কাপোতন্যা জেলার মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, মস্কোর দিকে আসা ৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী এখনো ব্যাপক হামলা প্রতিহত করে যাচ্ছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের যাচাই করা একটি ভিডিওতে শোধনাগারটিতে বিস্ফোরণের মুহূর্ত দেখা গেছে। ভিডিওতে স্থাপনাটির একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এরপর আরও একটি বড় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সে সময় সোবিয়ানিন জানিয়েছিলেন, হামলায় রিফাইনারি প্রাঙ্গণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।