গোপালগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে তিনদিনে পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।

গত ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মুকসুদপুর পৌরসভার কমলাপুর, চন্ডিবর্দি ও টেংরাখোলা এলাকায় পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের প্রাথমিক চিকিৎসা ও এন্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মুকসুদপুর পৌরসভার চন্ডিবর্দি এলাকার বাসিন্দা মীর হাবীবুল্লাহ জানান, পৌরসভার সদর বাজার, কমলাপুর, চন্ডিবর্দি ও টেংরাখোলাসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটি বেওয়ারিশ পাগলা কুকুর। কুকুরটি যাকে সামনে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। কুকুর স্কুলছাত্রী, পথচারীকে কামড় দিয়ে শরীরে গভীর ক্ষতের সৃষ্টি করছে। এ নিয়ে মুকসুদপুর পৌর এলাকায় পাগলা কুকর আতঙ্কে বিরাজ করছে।

এদিকে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান ইসলাম শোভন ২৫ জন আহতের বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত তিনদিনে আমরা কুকুরের কামড়ে আহত ২৫ জনকে চিকিৎসা দিয়েছি। তাদের এন্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত এন্টি র‌্যাবিস ভ্যাকসিন মজুদ রয়েছে। তবে কুকুর থেকে সকলকে সাবধানে থাকতে পরামর্শ দেন চিকিৎসক রায়হান ইসলাম শোভন।