ফুটবল বিশ্বকাপের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠের বাইরের এক খবরে জমজমাট বিনোদন দুনিয়া। স্পেনের ১৮ বছর বয়সী ফুটবল সেনসেশন ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল বিশ্বকাপ অভিষেকের ঠিক আগমুহূর্তে নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন। স্পেনের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার প্রেমে মজেছেন স্পেনের তরুণ এই তুর্কি।
স্পেনের সেভিলে জন্ম নেওয়া ইনেস গার্সিয়ার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়ায় আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে। মূলত ফ্যাশন, রূপচর্চা ও লাইফস্টাইল বিষয়ক পোস্টের মাধ্যমে তিনি নেটিজেনদের নজর কেড়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩ লাখের বেশি এবং টিকটকে প্রায় ৮ লাখ। নিজের এই জনপ্রিয়তার কারণে ২০২৫ সালের নভেম্বরে ‘কসমোপলিটান এস্পানিয়া ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড’-এ বিশেষভাবে পুরস্কৃত হন ইনেস।
ইয়ামাল ও ইনেসের প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। চলতি বছরের শুরুতে গ্রিসে ছুটি কাটানোর সময় এই জুটির হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়। এরপর ইনেস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফুলের তোড়ার ছবি পোস্ট করেন, যেখানে একটি হাতে লেখা চিঠিতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। চিঠিটি স্প্যানিশ তারকা ফুটবলারই পাঠিয়েছিলেন বলে ভক্তদের ধারণা।
গত মে মাসে বার্সেলোনার লা লিগা জয়ের জমকালো উদযাপন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন দুই ভুবনের জনপ্রিয় এই তারকা জুটি। এর কিছুদিন পরই পপ তারকা ব্যাড বানির কনসার্টে ভিআইপি লাউঞ্জে তাদের রোমান্টিক সময় কাটাতে দেখা যায়। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের পাহাড়সম চাপের মুখে দাঁড়িয়ে এই তরুণ সুপারস্টার কীভাবে তার প্রেম ও ফুটবল ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখেন, তা দেখতেই এখন মুখিয়ে আছেন ভক্তরা।