আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে বুধবার (১৭ জুন) রাতে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন শাহানুল্লাহ (৩২) ও মিজান (৩৫)। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকায় অভিযুক্ত দুই যুবক তার বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা কিশোরীকে ধর্ষণচেষ্টা করে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে শাহানুল্লাহ ও মিজানকে আটক করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, কিশোরীকে নিপীড়নের চেষ্টার অভিযোগে শাহানুল্লাহ ও মিজানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।