মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোছা. রেখা আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) রাতে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩৩০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার রেখা আক্তার ওই এলাকার তারু মিয়ার মেয়ে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স বুধবার রাতে কুখ্যাত মাদক কারবারি তারু মিয়ার বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে রেখা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারু মিয়া ও তার ভাই শাহ আলম পালিয়ে যান।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রেখা আক্তারকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।