দেশের শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেছেন, শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জাতীয় বাজেটে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমানে এ খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও গুণগত মান বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। তবে এসব উদ্যোগের সফলতা অনেকাংশে শিক্ষকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর নির্ভর করবে। এজন্য শিক্ষকদের দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী বলেন, অতীতে বিএনপি সরকারের হাত ধরেই দেশের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষার প্রসারে বিভিন্ন এলাকায় মহিলা কলেজ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি এবং অবৈতনিক শিক্ষার মতো উদ্যোগ বিএনপি সরকারের সময় চালু করা হয়েছিল।
তিনি বলেন, এবারও বিএনপি সরকারের হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থা আরও অনেক দূর এগিয়ে যাবে।
এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন সংসদ সদস্য সিরাজ। কর্মসূচির শুরুতে তিনি শেরপুর পৌর এলাকার টাউন কলোনিতে অবস্থিত শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করেন।
পরে তিনি টাউন কলোনি এ জে উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এছাড়া শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানগুলোতে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান হারেজ, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা, একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট এর স্বপ্নদ্রষ্টা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।