অটোরিকশার বাড়তি ভাড়া আদায় বন্ধে রাসিকের গণবিজ্ঞপ্তি

সম্প্রতি রাজশাহী শহরে চলাচলকারী অটোরিকশার ভাড়া বৃদ্ধির বিপক্ষে অবস্থান নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। কিছু অটোরিকশা চালক নিজেরাই বাড়তি ভাড়া আদায় শুরু করলে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। 

এরই প্রেক্ষিতে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি বলে বৃহস্পতিবার (১৮ জুন) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

রাসিকের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালক যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি করপোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি।

অতএব, সম্মানিত নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য অটোরিকশা চালকদের নির্দেশনা প্রদান করা হলো। সকলের সহযোগিতা কাম্য।’

এদিকে ভাড়া-সংক্রান্ত বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন স্থানে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে তাদের অবহিত করা হয় এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।