আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ খেলাফত মজলিসের

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। সংগঠনটির নেতারা বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে খুন, টার্গেট কিলিং ও সশস্ত্র হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা এসব কথা বলেন।

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, ক্ষমতাসীন দলের আভ্যন্তরীণ কোন্দল, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারের লড়াই ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে দেশজুড়ে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে| এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে| পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে| অর্থাৎ গড়ে প্রতিদিন ১০টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে|

তারা বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা এবং বিগত কয়েক বছরে শীর্ষ অপরাধীদের মুক্তি ও দেশে ফিরে আসা সহিংসতা বাড়ার মূল কারণ| অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানায় তারা| স্বাধীন পুলিশ কমিশন গঠনের মাধ্যমে পুলিশের জবাবদিহিতা ও পেশাদারিত্ব উন্নতি করার দাবিও জানানো হয়| স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মন্ত্রণালয়ের প্রতি আরো মনোনিবেশের আহ্বান জানান খেলাফত মজলিসের নেতারা।

তারা জানান, অন্যদিকে ধর্ষণ, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রভৃতি অপরাধের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে| দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে উঠেছে| লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে| অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। এই অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়।

বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, আবুল হোসেন প্রমুখ।