জামালপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুই শিশুর একজন হলো উপজেলার রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে নিখোঁজ ওসমান মিয়া(৮)। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধা নগর সানসেট পয়েন্ট এলাকায় ওই নিখোঁজের ঘটনা ঘটে। স্থানীয়  জানায়  তীব্র গরমের কারনে বৃহস্পতিবার দুপুরে পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় ৫ শিশু এক সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের এক ফাঁকে  নদীর তীব্র স্রোতে দুই শিশু তলিয়ে যেতে থাকে। তাদের সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুটি পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হলেও সাত ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল । 

যমুনা নদীতে নিখোঁজের সাত ঘন্টা পর দুই শিশুর মরদেহের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি জানান ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করেন।