হাইকোর্ট

চার কার্যদিবসে ১৫ হাজার পুরোনো ফৌজদারি মামলা নিস্পত্তি 

হাইকোর্টে গত ৭ মে থেকে মাত্র চার কার্যদিবসে (প্রতি সপ্তাহে ১ দিন) ১৫ হাজার ১৭২ পুরনো ফৌজদারি মামলা নিস্পত্তি হয়েছে। একই সময়ে পুরোনো রিট মামলা নিস্পত্তি হয়েছে ৫ হাজার ৫৬৮টি। চার কার্যদিবসে দুই ধরনের পুরনো মামলা নিস্পত্তি হয়েছে মোট ২০ হাজার ৭৩৯টি।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ হাইকোর্ট বিভাগের ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে  মোট ১ হাজার ৮৮৪ টি পুরনো ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে।

একই সঙ্গে রীট মোশন বেঞ্চগুলোতে ৫৪১টি পুরনো রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। এদিন হাইকোর্ট বিভাগে একদিনে পুরনো ফৌজদারি ও পুরনো রিট মামলা মিলিয়ে মোট ২ হাজার ৪২৫টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ফৌজদারি মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

গত ৭ মে হাইকোর্ট বিভাগের ফৌজদারি মোশন এবং রিট মোশন বেঞ্চগুলোতে সংশ্লিষ্ট বিচারপতিগণ দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন।