এলজিইডির অর্থায়নে দিনাজপুরের বিরামপুরে শিয়ালা থেকে পলাশবাড়ী সড়কের সংস্কার কাজ নিম্নমানের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সরেজমিনে সড়কটি পরিদর্শনে গেলে তারা এ অভিযোগ করেন।
স্থানীয় দিওড় ইউপি চেয়ারম্যান আ. মালেক মণ্ডল বলেন, ‘রাস্তার কাজ এতটাই খারাপ হয়েছে যে, কোথাও কোথাও পিচ উঠে যাচ্ছে।’
কাজটির তদারকি কর্মকর্তা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনতাজুর রহমান জানান, তিনি সংস্কার কাজের সময় উপস্থিত থাকতে না পারলেও কাজের মান সঠিক হয়েছে।
উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বলেন, কাজের মান পরীক্ষা করে বিল প্রদান করা হবে।
এদিকে উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে ঠিকাদার ইউনুছ আলী দাবি করেন, কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সড়ক সংস্কারের কারণে ইতোমধ্যে চলাচলের সময় অনেক অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। তারা সকল অনিয়ম রোধে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন।