দেশে বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন : বিডার চেয়ারম্যান

দেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস হিসেবে চীনকে দেখছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে অর্থনৈতিক অঞ্চল ও মোংলা বন্দরে বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে চীনের বড় বড় বিনিয়োগকারীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও তিনি জানান। গতকাল বৃহস্পতিবার বিডার মাল্টিপারপাস হলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফ্লোস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (পরিসংখ্যান বিভাগ) নূরজাহান আখতার, বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রচি, মো. হুমায়ূন কবির এবং মহাপরিচালক মো. মুজিবুল-উল-ফেরদৌসসহ অন্যরা।

চৌধুরী আশিক বলেন, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে চীন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশীদার। তাই সামগ্রিকভাবে চীন সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগের ক্ষেত্রে গত পাঁচ বছরে ধারাবাহিকভাবে বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগ উৎস হচ্ছে চীন। তাই আমরা চীনা অর্থনৈতিক অঞ্চল দ্রুত এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি এবং ইতিমধ্যে একটি ভালো অবস্থানে পৌঁছেছি। তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিতে বড় বড় অবকাঠামো বিনিয়োগ প্রয়োজন।