মহাখালীতে ককটেল ফাটিয়ে আ.লীগের মিছিল, আটক ৩

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এ মিছিল বের করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘বৃহস্পতিবার আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগের ব্যানারে মিছিল শুরু করা হয়। এ সময় যুব মহিলা লীগের ২০-২৫ জন নারী মিছিলে যুক্ত হন। এর মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকি আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ চলছে। পলিয়ে যাওয়া বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী জড়ো হন। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করেন। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন সদস্য এতে যোগদেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।