দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৯ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ১৪৮ জন। সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে অর্থাৎ ৯৬ দিনে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৭৭ জনে এবং মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকি ৫৭৩ শিশুর হামের উপসর্গ ছিল। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮৯ হাজার ৯০৪ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১০ হাজার ৭৭৩ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭০ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুই জন সিলেট বিভাগের, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে। ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৪২৭ জন। এর মধ্যে ৮৪ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।