খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা

গৃহকর্মীকে নির্যাতনের মামলায় খুলনার সোনাডাঙ্গা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পপি রানী সাহা ও সঞ্জয় কুমার সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় এই পুলিশ দম্পতিকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক ফারুক ইকবাল এ আদেশ দেন। এর আগে গতকাল নির্যাতিত গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে তরকারি পুড়ে যাওয়ার অজুহাতে ওই গৃহকর্মীর ওপর চড়াও হন এএসআই সঞ্জয়ের স্ত্রী পপি রানী সাহা। তিনি তাকে মারধর করার পাশাপাশি তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন। নির্যাতনের এই ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গত বুধবার বিকেলেই পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে এবং এএসআই সঞ্জয় ও তার স্ত্রীকে থানা হেফাজতে নেয়।

ভুক্তভোগী গৃহকর্মীর মা বলেন, পাঁচ বছরেরও বেশি সময় ধরে তার মেয়ে ওই বাসায় কাজ করছিল। মেয়ের ওপর এমন অমানবিক নির্যাতনের কথা তিনি আগে জানতেন না। চিকিৎসা শেষে মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নিতে চান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।