ইসরায়েলের কড়া সমালোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সব সমস্যার সমাধান হত্যাকাণ্ড নয়

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, কেবল সামরিক শক্তি বা হত্যাকাণ্ডের মাধ্যমে কোনো দেশের সব জাতীয় নিরাপত্তা সমস্যা সমাধান করা সম্ভব নয়।  

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুদ্ধ অবসানে সমঝোতা স্মারকে সই করার একদিন পর।

ভ্যান্স বলেন, ইসরায়েলের কিছু নেতা, বিশেষ করে কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভির এ চুক্তির সমালোচনা করেছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাব কী? নয় মিলিয়ন মানুষের একটি দেশ হয়ে আপনারা প্রতিটি জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান হত্যার মাধ্যমে করতে পারেন না।'

তিনি ইসরায়েলকে চলমান আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টাকে সময় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে বলেন, বহু বছর ধরে ওয়াশিংটন ইসরায়েল সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি এমন কঠোর ভাষা সাম্প্রতিক সময়ের তুলনায় ব্যতিক্রমী। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং দখলদারিত্ব ইরান যুদ্ধের স্থায়ী সমাধানের প্রচেষ্টাকে বারবার জটিল করে তুলছে বলে উদ্বেগ রয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযানের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। যুদ্ধ পর্যবেক্ষকদের মতে, ইসরায়েলের বর্তমান যুদ্ধ কৌশলের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে। 

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেন, 'অনেক বেশি মানুষ নিহত হয়েছে।' তিনি আরও বলেন, 'কাউকে খুঁজছেন বলে প্রতিবার একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করার প্রয়োজন নেই। সেখানে অনেক মানুষ বসবাস করে এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়।'

যুক্তরাষ্ট্রের এসব মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের সমঝোতা বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।