নারায়ণগঞ্জ

বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হওয়ার ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানার অন্তত ১০ জন স্টাফকে মারধর করে আহত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে শ্রমিকদের কারখানায় ফিরিয়ে দেয়।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন— শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও অন্তঃসত্ত্বা খাদিজা (২০)।

শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরোনো। এ কারণে মালিকপক্ষকে বারবার বয়লারটি পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সেই অনুরোধে সাড়া দেয়নি। শুক্রবার সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে ব্যস্ত থাকাকালে বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ সাতজন আহত হন। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি কারখানা থেকে পরিবর্তনের আশ্বাস দেয় মালিকপক্ষ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, শ্রমিকদের অভিযোগ ও অনুরোধ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। মালিকপক্ষও জানিয়েছে, তারা দ্রুত বয়লারটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক কারণে বয়লারটি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক ও ৫০ জন স্টাফ কর্মরত রয়েছেন। কারখানার মালিক নুরুল আমিন সুমনের সঙ্গে শ্রমিকদের আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন।