রামগঞ্জে ছাত্র মৃত্যুর ঘটনায় অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করার অভিযোগে অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত স্কুলছাত্র মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে থানায় এই মামলা করেন।

মামলায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অধ্যক্ষ অধ্যাপক আবদুল মান্নান ও কয়েকজন ছাত্রসহ আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়। ঘটনার দুইদিন পর এই হত্যা মামলা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহারে বলা হয়, মোবাইলফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।

গত ১৬ জুন রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা থাকলেও শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হয়ে মেহেদী হাসানকে প্রাণ হারাতে হয়েছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।