জরিমানা ছাড়াই দেশ ছাড়ার সুযোগ দিল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নির্ধারিত সময়ের বেশি অবস্থান করে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি)।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ জুন থেকে কার্যকর হওয়া এই সুবিধা আগামী ৯ জুলাই পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ধরনের ওভারস্টে

জরিমানা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন অথবা নতুন ভিসার মাধ্যমে নিজেদের আবাসিক অবস্থান বৈধ করতে পারবেন।

আইসিপির তথ্যমতে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বেশ কিছু ফ্লাইট স্থগিত হওয়ায় অনেক বিদেশি নাগরিক নির্ধারিত সময়ে নিজ দেশে ফিরতে পারেননি। মানবিক বিবেচনায় তাদের ওপর আরোপিত ওভারস্টে জরিমানা সাময়িকভাবে মওকুফ করা হয়েছিল।

বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় পূর্বের সেই বিশেষ পরিস্থিতি আর বিদ্যমান নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য স্ট্যাটাস বৈধ করা বা দেশ ত্যাগের এটিই চূড়ান্ত সুযোগ বলে উল্লেখ করেছে আইসিপি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সুবিধা গ্রহণের জন্য আলাদা কোনো আবেদন বা জটিল প্রক্রিয়ার প্রয়োজন হবে না। যারা দেশ ছাড়তে ইচ্ছুক তারা সরাসরি বিমানবন্দরের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে, যারা আমিরাতে অবস্থান করতে চান তারা প্রচলিত নিয়ম অনুযায়ী ভিসা ও আবাসিক স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করতে পারবেন।

এ বিষয়ে যেকোনো হালনাগাদ তথ্য ও নির্দেশনা জানতে প্রবাসীদের শুধুমাত্র আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত যোগাযোগমাধ্যম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।