বোনের বিয়ের অনুষ্ঠানে ট্রাকের ধাক্কায় ভাই নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়েতে এসে ট্রাকের ধাক্কায় মো.সামির নামে এক স্কুলশিক্ষার্থীর নিহত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে হাটহাজারী-রাউজান আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সামি (১৩) পৌরসভার ৩নম্বর ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়া এলাকার প্রবাসী জসিমের ছেলে ও হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে সামির তার বড় বোনের বিয়েতে উল্লেখিত কমিউনিটি সেন্টারে আসে। সেখান থেকে বের হয়ে দুপুর আড়াইটার দিকে রাস্তা পার হতে গেলে নগরমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হয় সামির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর স্থানীয়রা  ট্রাকসহ চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এবিষয়ে রাউজান হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।