বিশ্বকাপে গ্রুপ ‘সি’-এর হাইভোল্টেজ ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্যারিবীয় অঞ্চলের দল হাইতি। শক্তির বিচারে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল হলেও, ম্যাচটিকে ঘিরে এক অবিশ্বাস্য স্বপ্ন বুনছেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের অনুপস্থিতিকে পুঁজি করে ব্রাজিল বধের ছক কষছেন তিনি।
সংবাদ সম্মেলনে নিজের একটি অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন হাইতি কোচ। ক্যামেরুন জাতীয় দলের কোচিং স্টাফে থাকার সময় নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে জয় দেখেছিলেন তিনি।
সেই স্মৃতি হাতড়ে মিগনে বলেন,“আমি একটি লক্ষণ দেখতে পাচ্ছি। চার বছর আগে, যখন আমি ক্যামেরুনের কোচিং স্টাফে ছিলাম, তখন নেইমার ওই ম্যাচে খেলেনি। আমি সঠিক মনে করতে পারছি না সেটা কি নিষেধাজ্ঞা নাকি ইনজুরির কারণে ছিল। তবে সেবার আমরা জিতেছিলাম। এবারও আমি সেই একই ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি। ইতিহাস গড়তে আমরা এই সুযোগের সুবিধা নিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে হাইতি। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হারলেও ফ্রান্তজি পিরটের শেষ মুহূর্তের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। তবে সেই হার ভুলে এখন ব্রাজিলের মুখোমুখি হতে মুখিয়ে আছে ক্যারিবীয় দেশটি।
মিগনে বলেন,সবশেষ ৫২ বছর আগে আমরা বিশ্বকাপে ছিলাম। আগামীকাল ব্রাজিলের বিপক্ষে খেলার ঐতিহাসিক মাইলফলক অর্জন করব। এখন আমাদের এই উপলক্ষ তৈরি করতে হবে কারণ হাইতিয়ান ভক্তরা আমাদের জন্য অপেক্ষা করছে। স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ভালো পারফর্ম করে দেখিয়েছি যে আমরা এই মঞ্চের যোগ্য। কালকের ম্যাচ হবে আরও ভালো, আমরা কী করতে পারি সেটা দেখানোর বড় সুযোগ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর স্বপ্ন দেখাটা যে এক ধরণের দুঃসাহস, তা অকপটে স্বীকার করেছেন মিগনে। তবে ফুটবল মাঠে তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। হাইতিয়ানদের লড়াকু জীবনের কথা উল্লেখ করে কোচ বলেন:
“আমরা যদি এই ম্যাচটা জিততে পারি, তবে হাইতিতে এক পরম উন্মাদনা ও পাগলামি তৈরি হবে। একজন হাইতিয়ান হিসেবে জীবনের সহজ সময়ের চেয়ে কঠিন সময়ের মুখোমুখি হতে হয় বেশি। কিন্তু যখন আপনি ফুটবলের দুনিয়ায় পা রাখবেন, তখন এমন একটা মুহূর্তেরই স্বপ্ন দেখবেন—বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের মুখোমুখি হওয়া।”
স্কটল্যান্ডের কাছে হারলেও হাইতির লক্ষ্য এখনো পরের রাউন্ডে যাওয়া। অন্তত সেরা তৃতীয় দল হিসেবে হলেও নকআউট পর্বে পা রেখে দেশের মানুষকে খুশির উপলক্ষ এনে দিতে চান সেবাস্তিয়ান মিগনে।