পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু খাগড়াছড়ি জেলার মো. মহসিন মিয়ার ছেলে। তারা কয়েকদিন আগে খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে আসে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুই ভাই নানাবাড়ির উঠানে খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি এখনও জানিনা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।