নাইজারে বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩৫

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশটির বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। মুসলিম অধ্যুষিত দেশটির বাসিন্দারা জানিয়েছেন, সকালে নামাজ শেষ করার পরপরই রাজধানীর ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুজন বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতদের পাশাপাশি আরও চারজন আহত হয়েছেন। গত পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে একই বিমানবন্দরে এটি দ্বিতীয় হামলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্র্তৃপক্ষ জানিয়েছে, সকালের মধ্যেই সহিংসতা নিয়ন্ত্রণে আসে। এরপর নিরাপত্তা বাহিনী পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজতে অভিযান শুরু করে। অভিযানে আরপিজি-৭ লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, যোগাযোগ সরঞ্জাম এবং হাজার হাজার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া ২০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের খোঁজার অভিযানে যোগ দেন।